
লংগদুতে কলেজছাত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার ফরহাদ।
পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া তিনটিলা এলাকায় জেসমিন আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ফরহাদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ জুন) ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার (৪ জুন) লংগদু ইউনিয়নের বাইট্টাপাড়া তিনটিলা এলাকায় গলায় ফাঁস দেয় জেসমিন। তিনি লংগদু কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী।
গলায় ফাঁসের ঘটনায় ভিকটিম জেসমিন আক্তারের মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রতিবেশী প্রেমিক ফরহাদ গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানায়, ফরহাদ লংগদু সদর ইউনিয়নের বাইট্টাপাড়া তিনটিলা এলাকার একই গ্রামের ওসমান গনির ছেলে।
লংগদু থানা পুলিশ ও এলাকাবাসীর তথ্য মতে, ফরহাদ ও জেসমিন দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল। ফোন কলের সূত্র ধরে জানা যায়, মৃত্যুর কিছুক্ষণ আগেও ছেলে মেয়ে একে অপরের সঙ্গে ফোনে কথা বলে। এর কিছুক্ষণ পরেই মেয়েটি আত্মহত্যা করে।
এ সূত্রের সত্যতা নিশ্চিত করে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ অভিযান পরিচালনা করে ফরহাদকে গ্রেপ্তার করেন।
জেসমিনের মা বলেন, প্রতিবেশী ফরহাদ প্রায় সময় আমার মেয়েকে প্রেমের প্রস্তাবের নামে কুপ্রস্তাব দিয়ে আসতো। এসব বিষয়ে ছেলের পরিবারকেও বারবার বলা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। মৃত্যুর আগেও আমার মেয়ের সঙ্গে ফোনে কথা বলে ফরহাদ। তখন আমি বাসায় ছিলাম না। বাসায় এসে দেখি আমার মেয়ে গলায় ফাঁস দিয়েছে। প্রশাসনের মাধ্যমে আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।
লংগদু থানার ওসি হারুনুর রশিদ বলেন, ঘটনাটি তদন্ত সাপেক্ষে মোবাইল ফোনের তথ্য, পরিবার ও এলাকাবাসীর দেওয়া তথ্যমতে তাদের প্রেমের সম্পর্কের কথা উঠে আসে। পরবর্তীতে মেয়ের মা বাদী হয়ে লংগদু থানায় অভিযোগ দায়ের করলে তার ভিত্তিতে ফরহাদকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভিকটিমের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। এদিকে প্রেমিক ফরহাদকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
All rights reserved © 2024
Leave a Reply